মায়ের অনুভূতি উপলব্ধি করার সক্ষমতা আমাদের নেই!
আশা করি, সকলে অনেক ভালো আছেন। তবে আজকের লেখাটা লিখতে বসে মন খারাপ হয়ে গেলো। মন খারাপের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
মনে মনে ভাবছি, মায়েদের জীবন কত কঠিন আর কতটা দৃঢ় মনের হতে হয়।
মা শব্দটার মধ্যে লুকিয়ে আছে হাজারো কষ্ট আর বুক ভরা ব্যথা। যেগুলোর কিছুই হয়ত অন্য কারো সাথে শেয়ার করতে পারে না। হোক বা মানুষের ক্ষেত্রে অথবা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ।
সন্তান জন্ম দেওয়ার সময় মা কতটা কষ্ট সহ্য করে সেটা আমরা মুখে যতটা সহজভাবে বলতে পারি বাস্তবে ততটাও সহজ না মুহুর্তটা৷
আজ একটা ঘটনা দেখে কষ্ট পেয়েছি সেটা বলে বুঝাতে পারবো না। কিছু মুহুর্তে ব্যাখ্যা করার ভাষা থাকে না।
আজকের ঘটনাটা আমার জীবনে অনেকটা শিক্ষা হয়ে থাকবে। জীবনের প্রতিটা মুহুর্ত আমাদের জন্য শিক্ষনীয়।
আজ সকালে মাত্র খেয়ে উঠেছি, আমাদের বাড়ি বিলের পাশে হওয়ায় বিলের কোথায় কি হচ্ছে সেটা স্পষ্ট বোঝা যায়। দেখলাম কিছু দুরে অনেক লোকজন একত্রিত হয়েছে। ঘটনাটা হলো - আমার জেটুদের একটা গাভীর বাচ্চা প্রসবের সময় উপস্থিত।
সাধারণত এই বিষয় গ্রামে যারা অভিজ্ঞ থাকে তাদের ডাকা হয়। জেটুরাও তাই করেছে কিন্তু কোনো একটা কারনে সমস্যা হয়েছে যেকারনে মায়ের পেট থেকে বাচ্চা বের করতে পারছে না।
ডাক্তারকে ফোন করেছে অনেক আগেই কিন্তু আসতে কিছুটা সময় তো লাগবে কিন্তু তত সময় যা হওয়ার তো হয়েই গেছে।
যেকোনো কাজ শুরু থেকে দেখে শুনে করলে যতটা না কঠিন হয় একবার সমস্যা হওয়ার পর সেই কাজ সঠিক ভাবে করাটা অনেক কঠিন।
ডাক্তার আসলো কিন্তু সেই সমাধান করতে পারছে না। অনেক চেষ্টা করেও কোনো ভাবে বাচ্চা বের করতে পারছে না। ততক্ষন অনেক লোক জড় হয়ে গেছে।
সবাই সবার মতো করে পরামর্শ দিচ্ছে কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। প্রায় ২ ঘন্টা যাবত চেষ্টা করা হয়, দুঃখের বিষয় ততক্ষণে পেটের ভিতর বাচ্চা মারা গেছে😥।
সব সময় ডাক্তারের অভিজ্ঞতা দিয়ে কাজ হয় না। অন্য গ্রামে একটা লোককে ফোন করা হলো যে এই বিষয়ে অনেক ভালো বোঝে যদিও সে কোনো ডাক্তার নয়।
তার আসতে অনেকখানি সময় লেগে গেলো। তবে সে আসার ৫/৬ মিনিটের মধ্যে বাচ্চা বের করে ফেললো। তবে সত্যি বলতে, ভীষণ খারাপ লাগছিলো, মৃত্যু বাচ্চার জন্ম দেওয়া মায়ের অনুভূতি কেমন হতে পারে সেই কষ্ট হয়ত পুরোপুরি অনুভব করতে না পারলেও!
মায়ের কষ্টের আসলেই কোনো শেষ নেই, প্রতিটি প্রাণীর ক্ষেত্রেই!
জানি না ওর মায়ের মনে কি চলছে এখন, এটাও দুঃখজনক যে, আমরা মানুষকে যতটা না সহানুভূতি দেখাই অন্য প্রাণীর ক্ষেত্রে সেটা করি না। ওদের ভাষা বুঝতে না পারলেও ওদের চোখ অনেক কিছু বলে দেয়, যেগুলো অবহেলিত থাকে চিরকাল!



