গরমকালের দারুণ পানীয় (ডিটক্স জুস্)
নমস্কার বন্ধুরা,
সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে গরমকালের একটা দারুন পানীয় তৈরির রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।
গরমকাল পড়ে গেছে। এখন সকলেরই প্রয়োজন শরীরকে সুস্থ রাখা। শরীর সুস্থ রাখতে আমাদের ঘন ঘন জল কিংবা অন্য কোন পানীয় পান করা উচিত। তবে সব সময় জল পান করলে আমাদের শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না। তাই এই গরমে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য প্রতিদিন বিভিন্ন রকম ভাবে সরবত বা জুস বানিয়ে নিতে পারেন। তাহলে শরীর এবং মন দুটোই খুব ভালো থাকবে।
আমি বেশ কয়েকদিন ধরে একটি পানীয় পান করছি যেটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে এবং এটা খাওয়ার পর আমি ভীষণ সতেজ অনুভব করি। তাই ভাবলাম আজ আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমি এই জুসটা বানাই মৌসম্বি লেবু দিয়ে। আর তার সাথে ব্যবহার করে চিয়া সিড।চিয়া সিড আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এর অনেক উপকারী গুণ রয়েছে। তাছাড়া শরীর কে দীর্ঘক্ষণ হাইড্রেটেড রাখার জন্য এটা খুবই ভালো।
মনে রাখবেন এই জুসটি বানানোর সময় কোনরকম চিনি ব্যবহার করবেন না। চিনি আমাদের শরীরের পক্ষে একেবারেই উপকারী নয় তা আপনারা অবশ্যই জানেন। তাই চিনি ব্যবহার না করাই ভালো। ঘরে থাকা খুব স্বল্প উপকরণ দিয়েই এটি বানানো যায়। তাই বলবো এই গরমে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন।
চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে এটা বানাই....
|
|---|
| নং | সামগ্রী | পরিমাণ |
|---|---|---|
| ১ | মৌসম্বি লেবু | চারটে |
| ২ | চিয়া সিড | এক চামচ মতো |
| ৩ | বরফ | পরিমাণ মত |
|
|---|
ধাপ ১:
প্রথমেই মৌসম্বি লেবুগুলোকে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নেব।
ধাপ ২ :
অন্যদিকে রাতের বেলা একটি কাপে অল্প জল নিয়ে তার মধ্যে এক চামচ চিয়া সিড ভিজিয়ে রাখবো। আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন দুপুরবেলায় এই পানীয়টি বানিয়েছিলাম। আপনারা চাইলে এই পানীয়টি বানানোর কয়েক ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন।
ধাপ ৩:
এরপর লেবুগুলোকে ভালোভাবে লেবুর রস বের করা মেশিনে ঘুরিয়ে সমস্ত লেবু থেকে রস বের করে নেব।
ধাপ ৪:
চারটে লেবু থেকে আমি মোটামুটি এক গ্লাস রস পেয়েছি। রসটাকে ছাকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম।
ধাপ ৫ :
এরপর ভিজিয়ে রাখা চিয়া সিড লেবুর জুস এর মধ্যে মিশিয়ে দেব।
ধাপ ৬:
সবশেষে কয়েকটা বরফের টুকরো জুসের মধ্যে দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের হেলদি ডিটক্স জুস।
আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।








