লেগে থাকার জয়

in আমার বাংলা ব্লগ14 days ago

31169.jpg

গত কয়েকদিন আগে পুরো পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম পার্শ্ববর্তী এলাকায়। সেখানে মূলত এক মাছচাষির সফলতার গল্প শুনতেই যাওয়া হয়েছিল। মানুষ কষ্ট করলে যে তার জীবনটাকে অনায়াসেই মসৃণ করে তুলতে পারে, তারই যেন চাক্ষুষ প্রমাণ দেখে আসলাম।

বছর পনেরো আগেও তেমন কিছুই ছিল না। নিজের নামটা ছিল বেকারের তালিকায়। ঠিক সেখান থেকেই অদম্য চেষ্টায় মাত্র ৩০ শতাংশ একটি পুকুর লিজ নিয়ে শুরু করেন পথচলা। প্রথমে রেণু থেকে পোনা, তারপর সঠিক পরিচর্যা ও খাবার দিয়ে সেগুলোকে বড় মাছে পরিণত করা—এভাবেই শুরু হয়েছিল তার যাত্রা।

যখন কথাগুলো শুনছিলাম, তখন যেন মনে হচ্ছিল আমিও সেই গল্পেরই একটি চরিত্র হয়ে গিয়েছিলাম। ভদ্রলোকের জীবনে এমন কঠিন সময়ও গেছে, যখন নিজের পুকুরের মাছকে খাবার দেওয়ার মতো টাকাও হাতে ছিল না।

প্রতিটি ধাপই ছিল তার কাছে কঠিন থেকে কঠিনতর একেকটি পরীক্ষা। তবে অদম্য চেষ্টা আর পরিশ্রমের কারণে কোনো পরীক্ষাতেই তাকে অকৃতকার্য হতে হয়নি। একটু একটু করে যখন সফলতার মুখ দেখতে শুরু করলেন, তখন হয়তো সবাই সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছিল।

যার ফলস্বরূপ এখন তার নিজেরই পনেরোটি পুকুর রয়েছে এবং তার অধীনে প্রায় ৬০ জন মানুষ কাজ করেন। যে মানুষটি এক সময় মাছের খাবার কিনতে হিমশিম খেতেন, আজ তিনিই মাছের ফিডের ডিলার।

জীবনের চক্র আসলে বোঝা খুবই মুশকিল। সুসময় সবার জীবনেই আসে, তবে তার জন্য একটু লেগে থাকতে হয়। এই আর কী।