আলু পোস্ত

in Incredible India4 days ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করে নেওয়ার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

বেশ অনেকদিন হলো আপনাদের সাথে কোন রান্নার রেসিপি শেয়ার করছি না। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটি সহজ রান্নার রেসিপি শেয়ার করি। যেটা খুব সহজে অল্প কিছু উপকরণের সাহায্যে বাড়িতে আপনারা বানাতে পারেন। আর এটা খেতে সত্যিই খুব ভালো হয়। বাঙালির প্রিয় খাবারের মধ্যে এটিও একটি। সেটা হল আলু পোস্ত। আমার এবং আমাদের বাড়ির সকলের এটা একটি প্রিয় খাবার। আর যেহেতু খুব অল্প সময়েই অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো যায় তাই আমাদের বাড়িতে প্রায়ই এটা রান্না হয়।

1000418626.jpg

তবে বেশিরভাগ সময়ই আমার শাশুড়ি মা এটা রান্না করেন। উনি খুব ভালো রান্না করেন। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে রান্না আমাকে খুব একটা করতে হয়নি। শাশুড়ি মা রান্না করেন আর আমি তাকে সাহায্য করে দিই। তবে গতকাল শাশুড়ি মা বাড়ি ছিলেন না, তাই সমস্ত রান্না আমাকেই করতে হয়েছিল। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমি এই রান্নাটি করেছিলাম।

উপকরণ

নংসামগ্রীপরিমাণ
আলুছয়টা বড় মাপের আলু
নুনপরিমাণ মতো
হলুদপরিমাণ মত
কাঁচা লঙ্কাচারটে
পাঁচ ফোড়নছোটো চামচের হাফ চামচ
পোস্তদুই চামচ বড়

পদ্ধতি

ধাপ ১:

প্রথমে আলুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে, গোটা গোটা করে কেটে নেব। তারপর আলু গুলোকে ধুয়ে নেব।

1000418628.jpg

ধাপ ২:

এরপর কড়াই গরম হয়ে এলে তাতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা ও হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। এই পর্যায়ের ছবি আমি ক্যামেরাবন্দি করতে ভুলে গিয়েছিলাম তাই কোন ছবি দিতে পারলাম না।

ধাপ ৩:

এরপর কেটে রাখা আলু গুলো তেলের মধ্যে দিয়ে দেব। এরপর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে-চেড়ে ঢাকা দিয়ে ভাজতে থাকব।

1000418630.jpg

ধাপ ৪:

এরপর দুই চামচ পোস্ত ও দুটো কাঁচালঙ্কা পেস্ট করে নেব। আমি শিল নোড়া দিয়ে বেটে নিয়েছিলাম আপনারা মিক্সার মেশিনেও করতে পারেন।

1000418632.jpg

ধাপ ৫:

এরপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আলু গুলো একটু সিদ্ধ হয়ে এলে তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর আবার নাড়াচাড়া করে নেব।

1000418634.jpg

ধাপ ৬:

এরপর আলুগুলো সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে ঢেকে দেব।

1000418636.jpg

ধাপ ৭:

পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তৈরি করে রাখা পোস্ত ও লঙ্কার পেস্ট দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। একটা সাধারন আলুর তরকারি খেয়ে এইটুকু পোস্ত অসাধারণ টেস্টি করে তোলে। এটা না খেলে আপনারা এর স্বাদ বুঝতে পারবেন না। তাই বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।

1000418638.jpg

ধাপ ৮:

এরপর এক মিনিট ফুটিয়ে নিলেই আমাদের আলু পোস্ত তৈরি হয়ে যাবে। এরপর ওপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দেবেন তাহলে স্বাদ আরো ভালো লাগবে।

1000418639.jpg

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

Congratulations @pinki.chak! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy close to 10x voting power and 10–11% APR.