বিশ্বাস হারিয়ে গেলে সম্পর্ক টেকে না
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বিশ্বাস হলো একটা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এটা ঠিক যেন একটা ভিত্তি, যেটার ওপর পুরো সম্পর্কটা দাঁড়িয়ে থাকে। যদি সেই বিশ্বাসটাই একদিন হারিয়ে যায়, তাহলে যত ভালোবাসাই থাকুক না কেন, সম্পর্কটা আর আগের মতো থাকে না। কারণ যেখানে বিশ্বাস নেই, সেখানে নিরাপত্তা থাকে না, মানসিক শান্তিও থাকে না।কেউ যখন কাউকে বিশ্বাস করে, তখনই সে নিজের সব কথা বলতে পারে, নিজের দুর্বলতা শেয়ার করতে পারে। কিন্তু একবার যদি মনে হয়, সে বুঝবে না বা সে হয়তো এই কথা অন্য কাউকে বলবে, তখনই দূরত্ব তৈরি হয়। তখন একে অন্যের থেকে দূরে যেতে শুরু করে। বিশ্বাস হারালে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে যায় দুইজনের মাঝে, যেটা ধীরে ধীরে সম্পর্কটাকে শেষ করে দেয়।
অনেক সময় ছোট ছোট ভুল বা মিথ্যা থেকেও বিশ্বাস হারিয়ে যায়। কেউ যদি বারবার মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভেঙে ফেলে, তাহলে অন্যজনের মনে একটা ভয় তৈরি হয় ওর কথা কি সত্যি? আর সেই ভয়টা যত বাড়তে থাকে, সম্পর্ক তত ভাঙতে শুরু করে। কারণ একসাথে থাকলেও মনে হয় যেন কেউ একজন খুব দূরে চলে গেছে।বিশ্বাস হারালে ভালোবাসাও অনেক সময় কষ্ট দেয়। কেউ হয়তো এখনো ভালোবাসে, কিন্তু ভয় পায় আবার আঘাত পেতে। তখন সম্পর্কটা কষ্টের হয়ে ওঠে। আর একটা সময় এমন আসে, যখন কেউ আর চেষ্টা করতে চায় না, কারণ বারবার আঘাত খেতে কারো ভালো লাগে না।
তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বিশ্বাস সবচেয়ে আগে দরকার। একে অপরের প্রতি সম্মান থাকা দরকার, নিজের কথায় সত্য থাকতে হবে, আর যদি কোনো ভুল হয়ে যায়, সেটা স্বীকার করে নেওয়া উচিত। কারণ বিশ্বাস ফিরে পাওয়া সহজ না, আর একবার হারিয়ে গেলে অনেক সময় ভালোবাসাও সেটা ফিরিয়ে আনতে পারে না।যদি আপনি কাউকে সত্যি ভালোবাসেন, তাহলে তার বিশ্বাসের মূল্য দিন। কারণ বিশ্বাস হারিয়ে গেলে শুধু সম্পর্ক না, মানুষটাও হারিয়ে যায়।

